১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 10:52 AM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রোববার বিকালে পরশুরামের উত্তর শালধর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ অন্তত ২০০ ফুট ভেঙে নদী-তীরবর্তী চার গ্রাম প্লাবিত হয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. কহিনুর আলম।

তিনি বলেন, গত দুই দিনের বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ের ফুলগাজীতে মুহুরী নদী ও কহুয়া নদীর বেড়িবাঁধের জয়পুর, উত্তর দৌলতপুর ও বিজয়পুর অংশে ভাঙন দেখা দেয়।

“এ সময় নদীর পানি প্রবল বেগে ফুলগাজী বাজারে ও আশপাশের গ্রামে ঢুকে পড়ে। অল্পক্ষণের মধ্যে ফেনী-ফুলগাজী সড়কের ফুলগাজী বাজার অংশ ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়।”

ফুলগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বন্যার পানিতে তার ইউনিয়নের ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, জয়পুর, ঘনিয়ামোড়া, কিসমত ঘনিয়ামেড়া ও বিজয়পুর গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

“সদ্য লাগানো রোপা আমন ধান ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে এসব গ্রামের কয়েক শ পুকর ও মাছের ঘের।”

পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন মোল্লা বলেন, পানিতে তার ইউনিয়নের উত্তর শালধর, উত্তর রাজেশপুর, দক্ষিণ রাজেশপুর ও পাগলীপুল গ্রামের রাস্তাঘাট তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পেড়েছে এসব এলাকার মানুষ।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চেষ্টা করছেন।

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কহিনুর বলেন, “নতুন করে যাতে ভাঙন সৃষ্টি না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। নদীর পানি কমে গেলে ভাঙন মেরামত করা হবে।”

এর আগে গত ১৭ জুলাই ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ ৩০ মিটার ভেঙে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বরাকপুর গ্রাম প্লাবিত হয়।