২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ফেরি ছাড়া সব বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি ছাড়া সব নৌযান বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 04:28 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে চাপ বেড়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ।

তিনি বলেন, ২ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় সকাল থেকে ফেরি ছাড়া সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে যানবাহন ছাড়াও বিপুলসংখ্যক যাত্রী পার করা হচ্ছে ফেরিতে।

“প্রচণ্ড বাতাস ও ঢেউয়ে পদ্মা এখন উত্তাল। এ কারণে পুরনো ফেরিগুলো চলতে পারছে না। বহরের ১৭টি ফেরির মধ্যে চলতে পারছে ১৩টি। প্রতিবার পার হতে সময় লাগছে প্রায় তিন ঘণ্টা।”

দুই ঘাটে আড়াই শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা।

শিমুলিয়া বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতেই ফেরি ছাড়া সব নৌযান বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলে আবার সব চলা শুরু করবে।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটেও বুধবার সকাল থেকে লঞ্চ চলা বন্ধ রয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক মিলন খান বলেন, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ রয়েছে। তবে ফেরি চলছে মোটামুটি স্বাভাবিকভাবে।