১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শৈলকুপায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত বলছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 09:39 AM

Updated : 11 Oct 2022, 08:36 PM

শনিবার গভীর রাতে দুধসর এলাকায় এ ঘটনায় নিহত আব্দুর রশীদ (৫০) দুধসর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা এলাহী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি বলেন, রাত আড়াইটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর আবাসন প্রকল্পের সামনে গাছ কেটে সড়কে অবরোধ করে একদল ডাকাত।

“খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে গেলে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি শুরু করলে দুপক্ষের মধ্যে ১০ মিনিটের মতো বন্দুকযুদ্ধ চলে।”

আজবাহার আলি বরেন, ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি হাত বোমা, পাঁচটি রামদা, একটি গাছকাটা করাত ও এক গাছা দড়ি উদ্ধার করেছে।”

আহত দুই পুলিশ সদস্য নজরুল ইসলাম ও আমোদ আলিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জানান।