কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে দাঁতভাঙ্গা ইউনিয়নের ১০৫৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে নো-ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির দাঁতভাঙ্গা বিওপি কমান্ডার আব্দুল আজিজ।
নিহত নুরুল আমিন (৩২) খেতারচর গ্রামের মোকছেদ আলী মুন্সীর ছেলে।
বিজিবি কর্মকর্তা আজিজ বলেন, ১২-১৩ জনের একটি দল গরু আনতে গেলে ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ-৫৭-এর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
“গুলিতে নুরুল আমিন ঘটনাস্থলেই মারা যান। পরে তার স্বজনরা লাশ বাড়ি নিয়ে আসে।”
আহতদের ব্যাপারে বিজিবি তথ্য সংগ্রহ করছে বলে তিনি জানান।
এ ঘটনায় জাহেদুল (২২), রফিকুল ইসলাম (২৫) ও সাদ্দাম (২৩) নামে তিন ব্যক্তি আহত হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান বলেন, রৌমারীতে বিএসএফ দুই রাইন্ড গুলি করলে এক বাংলাদেশি নিহত হয়।
“আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। এছাড়া বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এখন পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”
