সিরাজগঞ্জে গ্রেপ্তার ৭ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীসহ গ্রেপ্তার সাত শিবিরকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রায়গঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে থানার ওসি মাহবুবুল আলম জানান। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলায় নয় জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও সাতজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো.শহিদুল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ওসি মাহবুবুল আলম জানান, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার চান্দাইকোনা এলাকার ঘোষপাড়ায় সংগ্রাম পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালানো হয়।
“সেখান থেকে পাঁচটি ককটেল, বেশ কিছু জিহাদি বই ও হাতে লেখা ডায়েরিসহ ছাত্র শিবিরের স্থানীয় নারী রোকনসহ সাত জনকে আটক করা হয়।”
এরা হলেন সংগ্রাম পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলমের স্ত্রী জামায়াতের সদস্য সংগ্রহকারী ফাহিমা বেগম (৪০), শিবিরকর্মী সরেদওয়ান আহম্মেদ (২৫), আব্দুল হালিম (১৯), রাসেল মাহমুদ (১৯), এবাদুল্লাহ (২০), মুজাহিদুল ইসলাম জিহাদ (২১) ও শফিকুল ইসলাম (২০)।
