খাগড়াছড়িতে একে-২২ রাইফেল উদ্ধার, আটক ৪
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক সেনা অভিযানে একটি স্বয়ংক্রিয় একে-২২ রাইফেলসহ চার পাহাড়িকে আটক করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ নুরুল আমিনের নেতৃত্বে বাইন্যাছড়া সমুড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন লক্ষ্মীছড়ির সমুড়পাড়ার মৃত গন্ধরাজ চাকমার ছেলে সুকুমার চাকমা (৪৫), সঙ্গ চাকমার ছেলে নির্মল চাকমা (১৮), শুক্র চাকমার ছেলে শিমুল চাকমা (১৭) এবং সুমন চাকমা (১৮)।
লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন জাওয়াদ জানান, সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিনের নেতৃত্বে ছয়টি সেনা পেট্রোল টিম উপজেলার বাইন্যাছড়া এলাকায় অভিযান চালায়।
তাদের কাছ থেকে রাশিয়ার তৈরি একে- ২২ রাইফেল, এ অস্ত্রের চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, নোটবুক, একটি ব্যাগ, নগদ ৯ হাজার ১৩১ টাকা, দুইটি মোবাইল ফোন, চারটি মোবাইল ফোনের সিম ও দুইটি ভোটার পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয় বলে জানান ক্যাপ্টেন জাওয়াদ।
আটকরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে সেনাবাহিনীর দাবি।
এদিকে, ইউপিডিএফ খাগড়াছড়ি গণমাধ্যম শাখার প্রধান নিরন চাকমা আটকরা ইউপিডিএফ সদস্য নয় বলে দাবি করেছেন।
