আলমডাঙ্গায় দুর্ঘটনায় নিহত ৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত একটি যানবাহন রাস্তার পাশের গাছে ধাক্কা দেওয়ায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার ওসি মো. আকরাম হোসেন জানান।
নিহতরা হলেন আলমডাঙ্গার পারকুলা গ্রামের মোল্লা জাহাঙ্গীর আলমের ছেলে প্রিন্স (১৮), মুকুল হোসেনের ছেলে ইমন আলী (১৯) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে সজল হোসেন (১৮)।
আহতরা হলেন নিহত প্রিন্সের জমজ ভাই হৃদয় ও যানবাহনটির (আলমসাধু) চালক রুবেল (১৯)। হতাহত সবাই ওই যানবাহনের যাত্রী।
ওসি মো. আকরাম হোসেন জানান, হতাহতরা আলমসাধুতে (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত যানবাহন) করে কুষ্টিয়ার দিক থেকে আলমডাঙ্গার পারকুলা গ্রামে আসছিলেন।
“বেলা আড়াইটার দিকে গাড়িটি আলমডাঙ্গার ডম্বলপুর পৌঁছলে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান প্রিন্স।”
আহত চারজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সজল হোসেন ও ইমন আলী মারা যান বলে জানান ওসি।
