তনুর তিন ‘বন্ধুকে’ জিজ্ঞাসাবাদ
সোহাগী জাহান তনু হত্যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের তনুর বন্ধু বলছে সিআইডি।
বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে কুমিল্লার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায় জানান।
এরা হলেন- খোকন, বাপ্পী ও সারোয়ার।
ওই তিনজন ভিক্টোরিয়া কলেজের ছাত্র এবং থিয়েটারের সঙ্গে জড়িত বলে জানালেও তারা কোন বিভাগের শিক্ষার্থী এবং তাদের বিস্তারিত পরিচয় জানাননি সিআইডির এ কর্মকর্তা।
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু সেনানিবাস বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে নিজেদের কোয়ার্টার থেকে অন্য কোয়ার্টারে ছাত্র পড়াতে গিয়ে খুন হন।
তনুর মা
তনুর বাবা
তা নিয়ে সমালোচনা হলে আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্ত হয়। তার মধ্যেই আলামত পরীক্ষা করে সিআইডি জানায়, খুন হওয়ার আগে ধর্ষিত হয়েছিলেন এই তরুণী।
তবে সম্প্রতি দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনেও কুমিল্লা মেডিকেলের চিকিৎসকরা তনুর যৌন সংসর্গের প্রমাণ পাওয়ার কথা জানালেও ধর্ষণ নিয়ে অস্পষ্টতা রাখেন। মৃত্যুর কারণও জানাতে পারেননি তারা।
সিআইডির কর্মকর্তা প্রণব কুমার বলেন, “কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনুর তিন বন্ধুকে দুপুরে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান ।”
পরে তনু বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগমসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
এ নিয়ে তনু মা আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিআইডি কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত হত্যাকারীদের আটক করতে সক্ষম হবেন।
“সিআইডির নাজমুল স্যার বলেছেন ভয় পাবার কিছু নেই। সবার সাথে কথা বলবেন। যেখানে প্রয়োজন সেখানে যাবেন, কেউ বাধা দিলে আমাকে জানাবেন।”
