সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাছান সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে রায় দেন বলে জানান পিপি আবদুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক (২৬) বেলকুচি উপজেলার ধুলদিয়া গ্রামের মফিজ উদ্দিন গোতার ছেলে।
পিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালের ৮ অগাস্ট এনায়েতপুর থানার খুকনী যোগীবাড়ির ফজর আলীর মেয়ে মুক্তা খাতুনকে বিয়ের পর এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন শুরু করেন ওমর ফারুক।
“এর জেরে ওই বছরের ১ নভেম্বর স্বামীর বাড়িতে গৃহবধূ মুক্তাকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হয় বলে প্রমাণিত হয়েছে।”
এ ঘটনায় মুক্তার বাবা ফজর আলী ফারুকসহ ১০ জনের বিরুদ্ধে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
পিপি বলেন, রায়ে ফারুককে যাবজ্জীবনসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
মামলায় অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে বলে পিপি জানান।
