বাঘায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯
রাজশাহীর বাঘায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নয় জন আহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার চকরাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ডিএম বাবুল মনোয়ার ও বিদ্রোহী প্রার্থী আজিজুল আযমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান।
আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ষষ্ঠ দফায় আগামী ৪ জুন এ ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে।
ওসি বলেন, সকালে প্রচার চালানোর সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনার পর এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
