সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বুধবার রায়গঞ্জ উপজেলার দাথিয়া সেতুর দক্ষিণ পাশে ও সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে একজন সলঙ্গা থানার জালশুকা গ্রামের মকরম আলীর ছেলে জহরুল ইসলাম বলে জানালেও ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, সকাল ৯টার দিকে দবিরগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জহরুল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক অতিক্রমের সময় একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান মোস্তাফিজার রহমান জানান, ভোরে দাথিয়া ব্রিজের দক্ষিণ পাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের কেবিনে থাকা এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।
