চৌহালীর চরে শিশু ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শিশুটিকে সোমবার রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান গাইনি বিভাগের চিকিৎসক বর্ণালী রায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মামলার পর ডাক্তারি পরীক্ষা করা হবে বলে তিনি জানান।
ঘটনার সাথে স্থল ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের আলাউদ্দিন (২২) জড়িত বলে অভিযোগ করেছে তার পরিবার।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বলছে, সোমবার বিকেলে বাড়ির পাশের মাঠে গরুর ঘাস কাটতে যায় সে ও অন্য এক শিশু। সে সময় আলাউদ্দিন তাকে টেনেহিঁচড়ে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা হয়নি। থানায় কেউ অভিযোগও করেনি।
এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, “এখনও কেউ থানায় অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
