১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2016, 12:38 PM

Updated : 20 Aug 2022, 12:49 PM

শনিবার সকালে এ সংঘর্ষের পর বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জামালপুরের এসপি মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ প্রার্থী সাকিবুজ্জামান রাখাল ও বিদ্রোহী প্রার্থী শাহজাহানের সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“পুলিশ থামাতে গেলে তির-ধনুক, ইটপাটকেল নিয়ে তারা পুলিশের উপর হামলা চালায়।

“পরে পুলিশ ৫০ রাউন্ডের মতো শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

সংঘর্ষ চলাকালে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন বলে জানান তিনি।    

আহত পুলিশ সদস্যের মধ্যে দুজন হলেন কনস্টেবল ইব্রাহিম ও হান্নান।

সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান এসপি নিজাম উদ্দিন।