নীলফামারীতে স্কুল কক্ষে ইউপি চেয়ারম্যানের লাশ
নীলফামারী সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক প্রামানিকের লাশ পাওয়া যায় বলে সদর থানার ওসি হজাহান পাশা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রামানিকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার মুখে ফেনা এবং বিষের গন্ধ পাওয়া গেছে।
“পারিবারিক কলহের জেরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
পুলিশ লাশ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর এনামুলের মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
মৃতের স্বজনদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে এনামুলেরর সঙ্গে তার স্ত্রীর কলহ চলছিল। এর জেরে ২০১৪ সালের এনামুল আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় সে সময় প্রাণে বেঁচে যান তিনি।
