চাঁদপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, আহত ৩ পুলিশ
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির পর ডাকা হরতালে মিছিল করার সময় চাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা সদরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ফরিদগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান।
ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার সদরের চাঁদপুর-রায়পুর সড়কের আল-মদিনা হাসপাতাল এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা মিছিল করলে পুলিশ বাধা দেয়। ওই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ওসি আবুল কালাম বলেন, জামায়াত-শিবর কর্মীদের ছোড়া ইটের আঘাতে ফরিদগঞ্জ থানার এসআই আবদুর রাহিম, কনস্টেবল আবদুল কুদ্দুছ ও সুমন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের পর আল আমিন (১৮), জহিরুল ইসলাম (২০) ও আবু হানিফ (২৫) নামে তিন শিবিরকর্মীকে আটক করা হয় বলেও তিনি জানান।
ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০/১৫ জনকে আসামি করে পুলিশ দুটি মামলা করেছে, বলেন ওসি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয় বুধবার প্রথম প্রহরে। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী বুধবার সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি দেয় এবং বৃহস্পতিবার হরতালের ডাক দেয়।
গায়েবানা জানাজাকে ঘিরে বুধবার দলটির কর্মী-সমর্থকদের সঙ্গে চট্টগ্রাম নগরী ও রাজশাহী নগরীতে পুলিশ ও ছাত্রলীগকর্মীদের সংঘর্ষ হয়েছে।
