গড়ল নোয়াখালী পৌর, ভাঙল গণপূর্ত
নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজারে গণপূর্ত বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর পাল এই অভিযান পরিচালনা করেন।
এ সময় নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার
জানান, শহরের যে যে স্থানে গণপূর্ত বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে সব পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
“উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।”
গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই সম্প্রতি পৌর বাজার এলাকায় গণপূর্ত বিভাগের মালিকানধীন জায়গা দখল করে ৪০-৫০টি আধাপাক ঘর নির্মাণের কাজ শুরু করে।
এর মধ্যে বেশ কয়েকটি ঘর নির্মাণ শেষে বিভিন্ন জনকে বরাদ্দ দেয় তারা।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের বাধা পৌর কর্তৃপক্ষ আমলে না নেওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় গণপূর্তর কর্মকর্তা।
ওই জায়গা পৌরসভার দাবি করে নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, কোন প্রকার আলোচনা ছাড়া বা কোন নোটিশ ছাড়াই গণপূর্ত বিভাগ নির্মাণাধীন ঘরগুলো ভেঙে দিয়েছে।
