২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

গাইবান্ধার এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাকার সাভারে তার গৃহকর্তা ও গৃহকর্ত্রীর বিরুদ্ধে।  

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 02:10 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

নির্যাতনের শিকার ১২ বছর বয়সী ওই মেয়েটিকে রোববার সাভার থেকে উদ্ধারের পর গাইবান্ধা নিয়ে যায় স্বজনরা। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগটি সাভার থানায় পাঠিয়ে দেয় বলে মেয়েটির বাবা জানান।  

মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর তার প্রথম পক্ষের স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার ছোট মেয়ে ও এক ছেলে তাদের নানীর বাড়ি থাকে। বড় মেয়ে তার সঙ্গে থাকত।

সংসারে অভাবের কারণে আট মাস আগে গাইবান্ধার সুন্দগঞ্জ থানা সদর এলাকার মো. কদর সরদার নামে এক ব্যক্তির অনুরোধে তার বড় মেয়েকে ঢাকার সাভার পৌরসভার কর্মচারী রুবেল মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজে পাঠান বলে জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, রুবেল মিয়ার স্ত্রীও চাকরিজীবী হওয়ায় তারা বাসা থেকে বের হওয়ার সময় বাইরে থেকে দরজায় তালা দিয়ে যেতেন। আর কাজে সামান্য ভুল ত্রুটি হলেই মারধর করতেন তারা।

মেয়েটির অভিযোগ, “কয়েকদিন আগে ভাত রান্নার সময় পানি বেশি হওয়ায় ওই ভাতের পাতিলে গরম পানিতে আমার ডান হাত ডুবিয়ে দেওয়া হয়। এতে হাতের কব্জি পুড়ে যায়।”

পোড়া হাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি কাজ করতে অস্বীকৃতি জানালে রুবেল ও তার স্ত্রী তার মাথায় আঘাত করেন। পরে গলা টিপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলারও চেষ্টা করেন বলে অভিযোগ মেয়েটির।

মেয়েটি আরও বলে, রুবেল দম্পতি এ কথা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাকে বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ওই বাড়িতে ঢুকে তাকে উদ্ধার করে স্থানীয় তার কয়েকজন আত্মীয়ের কাছে হস্তান্তর করেন।

মেয়েটির বাবা জানান, রুবেল স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সেখানে তার মেয়ের চিকিৎসা করার সাহস না পেয়ে গাইবান্ধায় নিয়ে আসেন।

তিনি বলেন, সোমবার সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে ঘটনাটি সাভার থানায় হওয়ায় তারা এজাহার হিসেবে গ্রহণ করেনি। তারা এজাহারপত্রটি সাভার থানায় পাঠিয়ে দেয়।

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল বলেন, স্ভার থানায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার এজাহারের আবেদনটি সাভার থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।  

গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম বলেন, মেয়েটির গলায় চেপে ধরার কারণে আঙুলের ছাপ রয়েছে। মাথায় আঘাতের চিহ্ন আছে। দুটি দাঁত ভেঙে ফেলা হয়েছে। এছাড়া তার হাতের কব্জি পুড়ে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে রুবেল ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।