১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নবীগঞ্জে নির্বাচন অফিসে হামলার ঘটনায় মামলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নির্বাচন অফিসে হামলার ঘটনায় মামলা করেছে নির্বাচন কমিশন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 12:07 AM

Updated : 11 Oct 2022, 08:13 PM

মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু সাঈম নবীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি দেখিয়ে মামলা করেন বলে ওসি মো. আব্দুল বাতেন খান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে নির্বাচন অফিসে সন্ত্রাসী হামলা ও ভাংচুর হলে নির্বাচন কর্মকতাসহ তিনজন আহত হন।

আহতরা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু সাঈম, সহকারী মনিরুল ইসলাম ও রিয়াজুল হক রাজু।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে ওসি জানান।

হামলার ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, নির্বাচনী কাজ নিয়ে ব্যস্ত থাকার সময় অফিসে হামলা হয়েছে।

বিষয়টি ইসিকে অবহিত করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, “হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে ওসি বাতেন জানিয়েছেন।