১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনিতে জোয়ারে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 12:24 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

রোববার সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি সরেজমিনে দেখেন, রোববার ভোরের দিকে প্রতাপনগরের কোলা গ্রামের আক্কাজ সানার বাড়ির সামনে থেকে কপোতাক্ষের প্রায় দুইশত হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এতে ওই ইউনিয়নের কোলা, হিজলদী এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালি ও কলিমাখালি গ্রাম প্লাবিত হয়েছে। 

স্থানীয় বাসিন্দা ওয়াজেদ গাজী, সঞ্জয় দাশ জহুরুল ও ছাইফুল্লাহ জানান, কপোতাক্ষ নদের বেড়ি বাঁধটি আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল। রাতে প্রবল জোয়ারে বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা হলেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।” 

স্থানীয়রা বাঁশ ও মাটি দিয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে বলে জানান তিনি ।

দ্রুত বাঁধ সংস্কার করতে না পারলে পুইজালা, আশাশুনি সদর ও নাকতাড়া গ্রামও প্লাবিত হবে বলে শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান।

আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আবুল হোসেন বলেন, “আমি ঘটনাস্থলে আছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”