ফাঁকা গুলি ছুড়ে বিকাশের টাকা ‘ছিনতাই’
ঢাকার কেরাণীগঞ্জে বিকাশের দেড় লাখ টাকাসহ একটি আইফোন ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে উপজেলার আটিবাজার মোড় এলাকায় আইডিয়াল লাইব্রেরির সামনে ফাঁকা গুলি ছুড়ে ছিনতাই করা হয় বলে বিকাশের সুপারভাইজার সম্রাট থানায় অভিযোগ করেন।
আইডিয়াল লাইব্রেরির মালিক জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেল করে আসা কয়েকজন হঠাৎ ফাঁকা গুলি শুরু করে। ভয়ে কেউ ছিনতাইকারীদের বাধা দেওয়ার সাহস পায়নি।
সুপারভাইজার সম্রাট বলেন, ছয় ছিনতাইকারীর মধ্যে তিনজনের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল।
কেরাণীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাৎ আলী আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অভিযোগ পেয়েছি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
“অনেক সময় এ ধরনের ঘটনা টাকা আত্মসাতের জন্য সাজানো হয়ে থাকে। এ ঘটনাটিও সাজানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
