১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকাত সন্দেহে শৈলকুপায় ৪ ছাত্র আটক

ডাকাতির অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় নগদ টাকা ও দেশি অস্ত্রসহ চার ছাত্রকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 01:14 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

শৈলকুপা থানার এসআই ইকবাল হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার খড়িবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।

আটকদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের একজন স্থানীয় বিএলকে কারিগরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। দুজন শৈলকুপা সিটি কলেজ এবং অন্যজন রয়েড়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

এসআই ইকবাল বলেন, খড়িবাড়িয়া গ্রামের বাসিন্দা নিমাই বিশ্বাসের বাড়িতে ‘ডাকাতি’ করে পালানোর সময় চার ছাত্রকে আটক করে এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

“তাদের কাছ খেকে ৮১ হাজার টাকা, এক জোড়া কানের দুল, বেশ কিছু দেশি অস্ত্র, কয়েকটি মোবাইল ফোন ও কয়েক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।”

চার ছাত্রকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

গ্রামবাসী জানায়, রাত আড়াই টার দিকে একদল ‘ডাকাত’ নিমাই বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির লোকজনকে মারধর করে নগদ টাকা, এক জোড়া কানের দুল ও দুটি মোবাইল ফোন লুট করে।

নিমাইয়ের পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশে দেয়।