স্কুলছাত্রী অপহরণ, আটক ১
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার এ ঘটনায় জয়কা ইউনিয়নের বানকাটা গ্রামের মোস্তাকিনকে (২৪) আটক করা হয় বলে করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াবাদ ইউনিয়নে নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সাত-আটজনের একদল যুবক ওই ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে তার বাবা অভিযোগ করেছেন।
ছাত্রীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের জয়কা ইউনিয়নের বানকাটা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রিপন (২৫) তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত।
“সপ্তাহ খানেক আগে বিষয়টা জানতে পেরে বালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দিনকে অবহিত করলে তিনি রিপনকে বিদ্যালয়ে ডেকে এনে সতর্ক করেন।”
প্রধান শিক্ষক বলেন, “ছাত্রীর বাবার কাছে ঘটনা শোনার পর আমি রিপনকে ডেকে এনে মৌখিকভাবে শাসন করি এবং সতর্ক করে দিই। সকালে অপহরণের খবর শোনার পরপরই পুলিশকে অবহিত করেছি।”
ছাত্রীর খালু মো. শামসুদ্দিন অভিযোগ করেন, রিপন বখাটে ও উচ্ছৃঙ্খল স্বভাবের ছেলে। সে স্কুলে আসা-যাওয়ার পথে মেয়েদের নিয়মিত উত্ত্যক্ত করে। তাকে বারবার নিষেধ করেও কোনো লাভ হয়নি।
অপহরণের পর রিপন, দয়াল, হলুদ, সুলতান ও মোস্তাকিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন বলে ওসি জানান।
আটক মোস্তাকিন রিপনের ভগ্নিপতি।
ওসি বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
