১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দলীয় কর্মীরা পেটাল চৌহালী আ.লীগ সম্পাদককে

দলীয় কর্মীদের পিটুনিতে সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 05:33 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

Image
সিরাজগঞ্জের চৌহালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার

অন্যদিকে, তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটিতে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে ভাংচুরসহ এক যুবলীগ নেতাকে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।     

চৌহালী থানার ওসি মাহবুব আলম জানান, আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী গনি মোল্লা নির্বাচনে হেরে যাওয়ায় তার স্বজনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকারকে মারধর করেছে।

এ ঘটনায় জড়িতরা সাধারণ সম্পাদকেরও আত্মীয় বলে জানান তিনি।

তবে এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

আহত ফারুক সরকার বলেন, “খাষকাউলিয়া স্কুলের সামনে কেরাম বোর্ড খেলার সময় অপরিচিত কয়েকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।”

দলের কয়েকজন জানায়, খাসকাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গনি মোল্লা পরাজিত হওয়ায় অসহযোগিতার অভিযোগ এনে রোববার রাতে সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকারকে মারপিট করেছে দলীয় কর্মীরা।

আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইলের নাগরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, তাড়াশের নওগা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোফাজ্জল হোসেন ও বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের লোকজনের মধ্যে রোববার রাতে দলের মহিষলুটি আঞ্চলিক কার্যালয়ে তর্ক বাধে।

এক পর্যায়ে বেশ কয়েকটি চেয়ার ভাংচুর ও মারপিটে মোফাজ্জল হোসেনের সমর্থক যুবলীগ নেতা চাঁদ আলী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকাল পর্যন্ত কেউ মামলা করেনি।