সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত: বিএসএফের দুঃখ প্রকাশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হবার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে বিজিবি জানিয়েছে।
মনছের আলী (৪৫) সোমবার ভোরে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যান।
এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে বিজিবির ৬ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান রফিক জানিয়েছেন।
বিজিবির কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনছের আলী নিহতের ঘটনায় মোল্লার চর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।
“তারা প্রতিশ্রুতি দিয়েছে, আগামীতে আর এ রকম ঘটনা ঘটবে না। বিএসএফ গরু ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে বলে তাদের দাবি। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ায় বিএসএফ মর্মাহত হয়েছে বলে জানিয়েছে।”
রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বামনারচর গ্রামের বাসিন্দা সোরমান আলীর ছেলে মনছের আলীসহ একদল গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্ত থেকে গরু আনতে গিয়েছিল।
“বেহুলার চর সীমান্তের ১০৬২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে গেলে ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে।”
মনছের গুলিবিদ্ধ হওয়ার পর অন্য গরু ব্যবসায়ীরা তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসৎক অলক কুমার সরকার মৃত ঘোষণা করেন বলে চেয়ারম্যান জানান।
চিকিৎসক অলক জানান, মনছের ডান বুকে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
মনছের আলীর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম জানিয়েছেন।
মনছেরের ৯ বছরের ছেলে আর ৫ বছরের একটি মেয়ে রয়েছে। হতাশায় ভেঙে পড়েছেন তার স্ত্রী রাবেয়া খাতুন।
