বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধা নিহত
বান্দরবানে সদর উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার সুয়ালক ইউনিয়নে কদুখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে বান্দরবান সদর থানার ওসি মো. রফিক উল্লাহ।
নিহত হালিমা খাতুন (৭০) ওই এলাকার বাসিন্দা।
হালিমার ছেলে মো. আব্বাছ আলী বলেন, “শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৪/৫টি বন্য হাতি কদুখোলা এলাকায় আক্রমণ করেন। এক পর্যায়ে হাতিদল আমাদের ঘরে হানা দিলে মা পালাতে পারেননি।
“তিনি হাতির পদপিষ্ট হয়ে ঘরের ভেতরে মারা যান।”
বন্য হাতির দলটি কদুখোলা এলাকায় অন্তত পাঁচটি কাঁচা ঘর গুঁড়িয়ে দিয়েছে বলে জানান ওই এলাকার বাসিন্দা ছবুর।
ওসি বলেন, “আমি ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।”
