১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পিঁয়াজ বীজে খুশি ফরিদপুরের চাষি

ফলনের সঙ্গে সঙ্গে দামও ভালো হওয়ায় এবার ফরিদপুরের পিঁয়াজ বীজ চাষিদের মুখে হাসি ফুটেছে। ফুরফুরে মেজাজে সবাই এখন ব্যস্ত সময় পার করছে বীজ ঘরে তোলার কাজে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 11:44 AM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

কালোজিরায় স্বপ্ন দেখছেন শার্শার চাষিরা
‘কালোসোনা কালোজিরা’

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি তিন মণের বেশি বীজ উৎপাদন হবে বলে আশা করছে চাষিরা।  

বর্তমান বাজার মূল্যে উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য সাড়ে ছয় গুণেরও বেশি বলে কৃষকরা জানান।

ফরিদপুর সদর, ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলায় পিঁয়াজ বীজের ব্যাপক চাষ হচ্ছে।  

সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের বীজ চাষি মো. আকবর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর আমি চার বিঘা জমিতে বীজ চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করছি ১২ মণের বেশি বীজ হবে।”

একই গ্রামের আবু বক্কার খান বললেন, “পিঁয়াজের কালো দানা আমাদের এলাকায় কালো সোনা হিসেবে পরিচিতি লাভ করেছে। বাজারে যে দাম পাওয়া যাচ্ছে তা সোনার মতোই।”

প্রতিবিঘায় উৎপাদন হয় তিন মণ। বর্তমান প্রতিমণ পিঁয়াজ বীজের বাজার দাম ৯০ হাজার টাকার বেশি। সে হিসাবে তিন মণের দাম ২ লাখ ৭০ হাজার টাকা। আর খরচ প্রতিবিঘায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা।

গোবিন্দুপুর গ্রামের চাষি শফিকুল ইসলাম বলেন, “আমাগো আবহাওয়া বীজ উৎপাদনে জন্য খুবই উপযোগী। এ বছর জমিতে যে ফলন দেখছি তাতে ভালো লাভের সম্ভাবনা রয়েছে।”

তিনি আগামীতে আরও বেশি জমিতে বীজ চাষ করবেন বলে জানান।

তবে তিনি অভিযোগ করেন, “ব্যাংকগুলো শুধু জমির মালিকদের ঋণ দেয়। আমার মতো বর্গা চাষিদের ঋণ দেয় না। আমরা বাধ্য হয়ে এনজিও থেকে অধিক সুদে ঋণ নিয়ে চাষ করছি।”

ফরিদপুর জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, “ফরিদপুরের পিঁয়াজ বীজ বিএডিসির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

“পিঁয়াজ বীজ চাষ করে অনেক বেকার যুবক তাদের কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে। এ এলাকায় অল্প খরচে অধিক মুনাফা লাভের সহজ উপায় পিঁয়াজ বীজের চাষ।”

ফরিদপুর সদর, ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলায় পিঁয়াজ বীজ চাষিদের জীবনে সচ্ছলতা এনে দিয়েছে বলে তিনি দাবি করেন।

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুজন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মৌসুমে ফরিদপুরে ৬ হাজার ৬০০ মণের বেশি পিঁয়াজ বীজ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে, যার বাজার দর প্রায় ৬৬ কোটি টাকা।

বিএডিসি মোট পিঁয়াজ বীজের ৭৫ শতাংশই ফরিদপুর থেকে সংগ্রহ করে বলে তিনি জানান।