‘কালোসোনা কালোজিরা’
ঔষধিগুণে ভরা মসলা কালোজিরা চাষে হাসি ফুটেছে মাদারীপুরের কৃষকদের। বাজারে দাম বেশি হওয়ায় চাষে লাভবান হচ্ছেন তারা। আর তাই একে তুলনা করছেন সোনার সঙ্গে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর ৫৯১ হেক্টর জমিতে মসলা জাতীয় ফসল কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু কম খরচে লাভ বেশি হওয়ায় জেলার ৪টি উপজেলায় ৩ হাজার ৮১১ হেক্টর জমিতে স্থানীয় উন্নত জাতের কালোজিরা চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ গুণ বেশি।
এর মধ্যে মাদারীপুর সদরে ১ হাজার ৩০ হেক্টর, কালকিনিতে ৮৫ হেক্টর, রাজৈরে ৪৯৬ হেক্টর এবং শিবচরে ২২০০ হেক্টর জমিতে চাষ হয়েছে কালোজিরা।
সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন তারা। বিঘায় ৫/৬ মণ উৎপাদন হবে। বর্তমান বাজার মূল্যে প্রতি মণ কালোজিরার দাম ১৫ হাজার টাকা। আর খরচ প্রতি বিঘায় ২০ হাজার টাকা। সেই হিসাবে বিঘা প্রতি এক থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন কৃষকরা।
মাদারীপুর পৌর বাজারের মুদি দোকানদার কানাই বনিক বলেন, খুচরা ১০০ গ্রাম কালোজিরার দাম ৫০ টাকা অর্থাৎ প্রতি কেজি ৫০০ টাকা।
দুই মাস আগেও ১০০ গ্রাম কালোজিরা ৬০ টাকায় কিনতে হতো বলে জানান তিনি।
মাদারীপুর সদর উপজেলার অ্যাওজ গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার বেপারী বলেন, এই বছর এক বিঘা জমিতে কালোজিরা চাষ করছি। জিরা খুব ভালো হইছে। আশা করছি প্রায় ৬ মণ জিরা উৎপাদন হবে।
কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামের আবুল কালাম ও শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের আবুল হোসেন বললেন, কালোজিরার বাজারে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে কালোজিরা আমাদের কাছে সোনার মতন।
অ্যাওজ গ্রামের কালোজিরা চাষি সিদ্দিক সরদার বলেন, আমাগো আবহাওয়া জিরা চাষের জন্য খুবই উপযোগী। এই বছরে জমিতে কালোজিরার যে ফলন দেখছি তাতে বাম্পার ফলন হবে। আগামীতে আরও জমিতে কালোজিরা চাষ করবো।
মাদারীপুর কৃষি কর্মকর্তা আবদুল কাদের সরদার বলেন, কৃষকদের মাঝে কম খরচে বেশি মুনাফা লাভের জন্য বিভিন্ন সময়ে প্রশিক্ষণে মসলা জাতীয় ফসল চাষে উদ্বুদ্ধকরণ হয়েছে বলেই এ বছর মাদারীপুরের কৃষকরা ব্যাপক হারে কালোজিরা চাষ করছে।
তিনি বলেন, মাদারীপুরের আবহাওয়া কালোজিরা চাষের জন্য খুবই উপযোগী। আগামী দিনে এই কালোজিরা মাদারীপুরের কালোসোনা নামে চিহ্নিত হবে।
