১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কালোজিরায় স্বপ্ন দেখছেন শার্শার চাষিরা

মাদারীপুরের পর যশোরেও শুরু হয়েছে ‘কালোসোনা’ খ্যাত কালোজিরার চাষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 01:14 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

‘কালোসোনা কালোজিরা’

এক বছর আগে শার্শা উপজেলার সূবর্ণখালি গ্রামের আব্দুল হান্নান কালোজিরার চাষ শুরু করেছেন, যেখান থেকে তিনি লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন।

এছাড়াও একই গ্রামের কৃষক সাইফুল, মনির ও ইসরাফিলও চাষে উদ্যোগী হয়েছেন বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন। 

কয়েক বছর ধরে মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও শিবচরে কালোজিরার চাষ হচ্ছে। 

কৃষক হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধান, গম ও পাট চাষ করে প্রতিবছর দেনায় জর্জরিত হচ্ছিলাম। গত বছর দুই বিঘা জমিতে কালোজিরার চাষ করি। এবার নতুন করে আরও দুই বিঘায় করব।”

দুই বিঘায় জিরা লাগাতে প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে, যা থেকে দুই লাখ টাকার জিরা বিক্রি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কৃষক সাইফুল, মনির ও ইসরাফিল বলেন, হান্নানের কাছ থেকে তারা কালোজিরার বীজ সংগ্রহ করেছেন। শিগগিরই চাষ শুরু করবেন।  

সরেজমিনে জানা গেছে, প্রতিবিঘা জমিতে চাষে খরচ পড়ে চার হাজার টাকা। বিঘায় ফলন হয় সাড়ে চার মণ থেকে পাঁচ মণ।

স্থানীয় বাজারে প্রতিমণ কালো জিরার মূল্য ১২ হাজার টাকা। বীজ হিসেবে বিক্রি হয় প্রতিমণ ২০ হাজার টাকায়।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে উপজেলায় ৫৯১ হেক্টর জমিতে পেয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, ধনিয়া ও কালোজিরার মতো মসলা জাতীয় ফসলের আবাদ হচ্ছে।

“উৎপাদন খরচ কম, ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় ঔষধি ও ভেষজ গুণসম্পন্ন কালোসোনা খ্যাত কালোজিরার চাষ শুরু হয়েছে এখানে।”

কালোজিরা চাষ করা জমিতে একই বছর পাট, ধান ও মাসকলাইয়ের মতো আরও ৩টি ফসলের আবাদ করা যায় বলে জানান হীরক। 

বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর এবং খুলনা বিভাগে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে কালোজিরা চাষ হয় বলে জানান এ কৃষি কর্মকর্তা।

কালোজিরার চাষ সম্পর্কে জানতে চাইলে হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্তিক মাসের শেষের দিকে কালোজিরা চাষের উপযুক্ত সময়। বপনের তিন-চার মাস পর ফসল পাওয়া যায়।

কালোজিরা চাষে প্রথমবার বীজ কিনলেই চলে। পরে নিজের খেতের বীজ দিয়েই আবাদ করা যায়। রোগ-বালাই নেই বললেই চলে। তাই কীটনাশকের খরচও নেই।

খুচরা প্রতিকেজি কালোজিরা সাড়ে তিনশ টাকা দরে বিক্রি হয় বলে জানান শার্শার জামতলা বাজারের মুদি দোকানি জগনাথ কুণ্ডু।