২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ধর্ষণের শাস্তি যাবজ্জীবন, সঙ্গে শিশুর ভার

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড ও সেইসঙ্গে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নেওয়ার রায় দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চান মিয়া ওরফে চান খাঁ (২৮) গোপালপুর উপজেলার পাকুটিয়া উত্তর পাড়া গ্রামের মোকছেদ খাঁর ছেলে।

সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান এপিপি আব্দুল কদ্দুস।

এপিপি বলেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া মেয়ে শিশুটির বাবা চাঁন মিয়া বলে রায় দেওয়া হয় এবং সেইসঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত ওই সন্তানের সমস্ত ব্যয়ভারও তাকে বহন করার নির্দেশ দিয়েছে আদালত।

“ব্যয়ভার বহন না করলে তার সম্পত্তি বিক্রি করে শিশুটির ব্যয়ভার বহন করার জন্য জেলা প্রশাসককে আদেশ দেয়া হয়।”

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২ অগাস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে গোপালপুর উপজেলার পাকুটিয়া উত্তর পাড়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে চান মিয়া। পরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকার ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু তখন চান মিয়া তাকে বিয়ে করতে অস্বীকার করে।

পরে কিশোরী বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আসামির ডিএনএ পরীক্ষার মাধ্যমে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি চান মিয়ার বলে প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।