২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যা: আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি অন্যদের অংশগ্রহণ বাড়ছে

ঢাকাসহ সারাদেশে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন, মিছিল, বিক্ষোভ ও সমাবেশ করছে সব শ্রেণি-পেশার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 09:16 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

কুমিল্লায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা

গত ২০ মার্চ রাতে ময়নামতি সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনুকে ‘ধর্ষণের’ পর হত্যা করা হয়।

আলোচিত এই হত্যাকাণ্ডের আট দিনেও কেউ গ্রেপ্তার না হওয়ায় আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। খুনিদের গ্রেপ্তার দাবিতে ৩ এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

গাইবান্ধা প্রতিনিধি জানান, মঙ্গলবার শহরে গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ১ নম্বর ট্রাফিক মোড়ে শহরের ডিবি রোড অবরোধ করে রাখে প্রায় আধা ঘণ্টা। কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার, মোসাদ্দেক হোসেন মামুন, তৌফিকুর রহমান মিশুক, তাসনিম জাহান, মুকুট ইসলাম, রিপন মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা তনুর হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সদর থানার ওসি মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ উপস্থিত হয়ে সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা করলে ১৫-২০ মিনিটের মধ্যে অবরোধ প্রত্যাহার করা হয়।

ভোলা প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরের সামনে কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ সময় বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ভোলা সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পিরোজপুর প্রতিনিধি জানান, কুশপুত্তলিকা দাহসহ তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভোলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

পিরোজপুরের ‘সকল ছাত্র-ছাত্রী’র ব্যানারে মঙ্গলবার সকালে স্থানীয় টাউনক্লাব সড়কের এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন মহিলা পরিষদ ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা।

জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মণ্ডল মানববন্ধনকালে বলেন, দেশের নারীরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। সেনানিবাসের ভেতরে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা আছে বলে ধারণা করা হয়,  সেখানেও আজ ধর্ষণ ও হত্যার মতো ঘৃণ্য ঘটনা ঘটে।

অতীতের সব ঘটনার বিচার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণ-নিপীড়ন বন্ধ হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরও বক্তব্য দেন পরিষদের সম্পাদক সালমা রহমান হেপি, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, নারীনেত্রী খালেদা আক্তার হেনা, মাতোয়ারা বেগম, শিক্ষক তপন সিকদার, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী খালিদ আবু, সাংবাদিক এ কে আজাদ,  হাসিবুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়েনর সহসভাপতি অভিজিৎ মণ্ডল, রেজোয়ান সাজন, কলেজ ছাত্রী তিথি, মৌ, সপ্তম শ্রেণির ছাত্রী মীম, নাট্যকর্মী রাকিবসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষাভ মিছিল এবং দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সন্ত্রাসী হামলায় নিহত কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা হোসেন আলী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

মঙ্গলবার সকালে শহরের শাপলা চত্বরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম রওশন আরা চৌধুরী, আওয়ামী লীগ নেতা শেখ বাবুল, জেলা গণজাগরণ মঞ্চের নেতা জ্যোতি আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক,  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন সরকার, বাসদ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দেবব্রত বক্সী বুলবুল, রবীন্দ্র সম্মিলনী পরিষদের সুব্রতা রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুজন মোহন্ত, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা রুকু প্রমুখ।

ফেনী প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে ফেনীতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা।

এছাড়া সোনাগাজী এনায়েত উল্যাহ মহিলা কলেজের প্রভাষক আফসার উদ্দিনের সমন্বয়ে ‘আমরা তনুর ভাই তনু হত্যার বিচার চাই’ শ্লোগানে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

শরীয়তপুর প্রতিনিধি জানান, সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু ও ২০১৫ সালে শরীয়তপুরের জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী চাঁদনী আক্তার হেনার হত্যাকারীদের বিচার দাবিতে শরীয়তপুর বিজ্ঞান ও সাহিত্যচর্চা কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবারের এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুরু করে শরীয়তপুর বালিকা বিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-শরীয়তপুর মহসড়কের শরীয়তপুর পৌরসভা সংলগ্ন প্রধান সড়কে ৩০ মিনিট অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, শরীয়তপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাসেদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নারীনেত্রী আইনজীবী রওশন আরা বেগম, জেলা উদীচীর সভাপতি এম এম আলমগীর মাস্টার, সহ-সম্পাদক নজরুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাদবর, বৃহত্তর ফরিদপুর বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি এম হারুন অর রশিদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড নুরুল হক ঢালি, আইনজীবী আজিজুর রহমান রোকন প্রমুখ বক্তব্য দেন।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী ও তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে মঙ্গলবার দুপুরে।

কুড়িগ্রাম গণজাগরণ মঞ্চ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঘণ্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে একত্মতা প্রকাশ করে অংশ নেয় জেলা মহিলা পরিষদ, প্রচ্ছদ কুড়িগ্রাম, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় রবীন্দ্রসংগীত পরিষদ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ও ঘাতক-দালাল নির্মূল কমিটি।

নীলফামারী প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে জেলা ছাত্র ইউনিয়ন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে একত্মতা ঘোষণা করে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা উদীচীর সদস্য সেলিনা সাথী, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ রায়, সদস্য মুন্নি আক্তার, সম্পা রায়, সুবর্ণা আক্তার, তাপস রায় প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়ায় ওই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে।

এসব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেন বক্তারা।