‘হুমকিতে’ কুষ্টিয়ায় বিএনপির দুই প্রার্থীর ভোট বর্জন
নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থী।
সোমবার দুপুর আড়াইটায় উপজেলার তারাগুনিয়ায় এক সংবাদ সম্মেলনে হোগলবাড়ীয়া ও পিয়ারপুর ইউপির দুইজন চেয়ারম্যান প্রার্থী এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে হোগলবাড়ীয়া ইউনিয়নের প্রার্থী বিল্লাল হোসেন বলেন, “গত ২১ মার্চ স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরী ও ভাতিজা লোটন চৌধুরী জনসভায় অকথ্য ভাষায় গালাগাল করেন।
“তারা ১২ ঘণ্টার মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দৌলতপুর ছাড়ার আল্টিমেটাম দেন। এমপির ভাই ও ভাতিজা ওই সভায় আরও বলেন, ‘যদি বিএনপির কোনো ভোটার ভোট দিতে যান তবে তাদের হাত-পা গুঁড়িয়ে দেওয়া হবে’।”
এ কারণে নিজের ও সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
পিয়ারপুর ইউনিয়নের প্রার্থী জহুরুল করীম বিশ্বাসও একই ধরনের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, “এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে আজ যারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন; তারা এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত কোনো অভিযোগ দেননি।
“তারা অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে টোকেন চৌধুরী ও লোটন চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
