১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 01:38 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রাম থেকে আব্দুর রাজ্জাককে (৩৮) গ্রেপ্তার করা হয় বলে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান।

পুলিশ নাসিমা বেগমের (৩২) লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
পরিবারের বরাত দিয়ে পরিদর্শক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেশার টাকা চেয়ে না পেয়ে নাসিমাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

“তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।”

এ ঘটনায় নাসিমার মা রাশেদা বেগম বাদী হয়ে রাজ্জাককে আসামি করে একটি হত্যা মামলা করেন।

রাশেদা জানান, ১৯ বছর আগে রাজ্জাকের সঙ্গে নাসিমার বিয়া হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। মাদকাসক্ত রাজ্জাক নেশার টাকার জন্য প্রায়ই নাসিমাকে মারধর করতো।
“কয়েকদিন আগে নাসিমাকে মারধর করি আমার বাড়িত পাঠে দেয়। এরপর শুক্রবার রাইতে নাসিমাক বাড়ি নিয়া আইসে রাজ্জাক। সকালে মেয়ে মারা যাওয়ার খবর পাই।”