Published : 25 Mar 2016, 12:43 PM
দক্ষিণ ধুরুং ইউনিয়নের স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আলাউদ্দিন আল আজাদের অভিযোগ, ভোট গণনার সময় তার ‘আনারস’ প্রতীকের ভোট দেওয়া ব্যালটের ওপর আবার নতুন করে ‘ধানের শীষ’- এ সিল মারা হয়েছে, যাতে তার তিনশ ভোট নষ্ট হয়েছে।
এই ঘটনাসহ অনিয়মের কয়েকটি অভিযোগ জানিয়ে ফল ঘোষণা স্থগিতের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করলেও তাতে সাড়া পাননি বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে তিন হাজার ৩০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ছৈয়দ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ পান তিন হাজার ১১২ ভোট। তৃতীয় সর্বোচ্চ এক হাজার ৪৫৯ ভোট পান আওয়ামী লীগের মো. আরিফ মোশাররফ।
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউনিয়নের ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আশা হাজীর পাড়া ব্র্যাক সেন্টার কেন্দ্র ও জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে।
“ভোটের দিন দুপুরে কেন্দ্রের লাইনে দাঁড়ানো আমার সমর্থক ভোটারদের সরে যেতে ভয়-ভীতি প্রদর্শন করেছে ধানের শীষের লোকজন।
“তারা আশা হাজীর পাড়া কেন্দ্র দখল করে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়। ভোট গণনার সময় আনারস প্রতীকে পড়া তিনশ’ ভোটে আবার ধানের শীষের ওপর সীল মারে। সে কারণে আমার ওই ভোটগুলো বাতিল হয়ে যায়।”
প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা ভোটের ফলাফল ঘোষণার আগেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানোর নিয়ম রয়েছে।
“বিধিমতে রাত ৯টা ৫৫ মিনিটে রিটার্নিং অফিসার বরাবরে লিখিতভাবে ফলাফল ঘোষণা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছি। অথচ কোনো ব্যবস্থা না নিয়ে রাত ১২টার পরে ফলাফল ঘোষণা করা হয়,” বলেন আজাদ।
বিষয়টি জেলা প্রশাসককেও লিখিতভাবে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তবে তার অভিযোগ নাকচ করে রিটার্নিং কর্মকর্তা মো. কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলাফল ঘোষণার আগে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি সত্য নয়। রাত ১০টার আগেই ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, “অভিযোগের ব্যাপারে আমার কিছু করার নেই। বিষয়টি এখন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।”