টাঙ্গাইলে তিন লাখ হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, টাঙ্গাইলের হতদরিদ্রদের মাঝে তিন লাখ হেলথ কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের তিন উপজেলায় হতদরিদ্রদের মাঝে তিন লাখ হেলথ কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে।
তিন উপজেলা হচ্ছে কালিহাতী, ঘাটাইল ও মধুপুর।
স্বাস্থ্যসেবাসহ উন্নয়নমূলক তিন কারণে আওয়ামী লীগ সরকার ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে দাবি করে মন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, পদ্মা সেতু নির্মাণ ও স্বাস্থ্যসেবার জন্য আওয়ামী লীগ সরকার আবার নির্বাচিত হবে।
অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল ইসলাম, টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের আগে স্বাস্থ্যমন্ত্রী কালিহাতীতে ৫০ শয্যার নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। এছাড়া বিকেলে কালিহাতী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন।
