রংপুরে ট্রাকের ভেতর চালক ও সহকারীর লাশ
রংপুর মহানগরীতে একটি ট্রাক থেকে চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাজহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভেতরে লাশ দুটি পাওয়া যায় বলে কোতোয়ালি থানার এসআই নুর আলম জানান।
এরা হলেন- চালক কোরাইশ খান (৩৫) ও তার সহকারী রমজান আলী (২২)।
কোরাইশ খান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুনদাই গ্রামের সোনাউল্লাহ প্রামাণিকের ছেলে। তবে সহকারী রমজানের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই নুর আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পথচারীদের কাছে খবর পেয়ে তাজহাটে কবরস্থান সংলগ্ন একটি হিমাগারের সামনে একটি ট্রাক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুজনেরই গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান তিনি।
