মুক্তিপণের দাবিতে স্কুলশিক্ষিকা ‘অপহরণ’
ফরিদপুরে দুই সন্তানের জননী এক স্কুলশিক্ষিকাকে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
মনিকা সাহাকে (৩৮) সোমবার বিকালে ফরিদপুর শহরের ঝিলটুলীর সোনালী ব্যাংকের সামনে থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বামী বলরাম পোদ্দার।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের মাইক্রোবাস মনিকাকে টেনেহেঁচড়ে তুলে নিয়ে দ্রুত চলে যায়।
কোতোয়ালি থানায় লিখিত অভিযোগে বলরাম বলেছেন, অপহরণকারীরা অচেনা একটি নম্বর থেকে তার স্ত্রীর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে।
থানার ওসি মো. নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের তিনটি দল স্কুলশিক্ষক মনিকাকে উদ্ধার করার চেষ্টা করছে।
মনিকাকে তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে বলে ওসি আশা করছেন।
মনিকা ফরিদপুর সদর উপজেলার চরচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। তবে বর্তমানে তিনি শহরের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
