সীমান্ত থেকে ডেটোনেটর উদ্ধার
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে বোমা তৈরির উচ্চক্ষমতা সম্পন্ন সাতটি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।
সোমবার সন্ধ্যায় কানাইঘাটের সুরাইঘাট সীমান্ত থেকে বিজিবির টহল দল এগুলো উদ্ধার করে বলে জানান বিজিবি-৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম।
তিনি বলেন, সন্ধ্যায় একটি অটোরিকশায় করে তিন ব্যক্তি সুরাইঘাট সীমান্ত এলাকা থেকে সিলেট শহরের দিকে আসছিল। বিজিবির টহল দল অটোরিকশা তল্লাশির জন্য থামালে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা।
“পরে ব্যাগ থেকে উচ্চক্ষমতা সম্পন্ন সাতটি ডেটোনেটর ও ভারতীয় কসমেটিক্স উদ্ধার করা হয়।”
নাশকতার উদ্দেশ্যে এ ডেটোনেটরগুলো ভারত থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিজিবির এ কর্মকর্তা।
