বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউপি নির্বাচন স্থগিত
সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় ভোটের আগের দিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
উচ্চ আদালতের নির্দেশে সোমবার দুপুরে নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিত রাখতে বলা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন।
ফলে মঙ্গলবার এই ইউনিয়নের ভোটগ্রহণ হচ্ছে না।
সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় উচ্চ আদালতে রিট করে এলাকাবাসী। ওই রিট আবেদনে উচ্চ আদালত নির্বাচন স্থগিতের এই আদেশ দেয়।
নির্বাচন কর্মকর্তা বলেন, “উচ্চ আদালতের বরাত দিয়ে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে। তাই নির্বাচন স্থগিত করা হয়েছে।”
