২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা এবার মহাকাশ জয় করব: তারানা

মহাকাশ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 10:58 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

সিম নিবন্ধনে আঙুলের ছাপ কেন অবৈধ নয়: হাই কোর্ট
সিম নিবন্ধন চলছে, চলবে: তারানা

শনিবার গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ চত্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পের গ্রাউন্ড স্টেশন স্থাপন কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আমরা সমুদ্র বিজয় করেছি, এবার আমরা মহাকাশ বিজয় করব। বাংলাদেশ মহাকাশে থাকবে- এটা একটা অন্যরকম বিজয়।”

এসময় অন্যদের মধ্যে বিটিসিএল এমডি গোলাম ফখরুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

প্রতিমন্ত্রী তারানা বলেন, “বর্তমানে আমরা অন্যদের স্যাটেলাইট ভাড়ায় ব্যবহার করে বছরে প্রায় ১৪ মিলিয়ন ডলার খরচ করছি। এ প্রকল্প সম্পন্ন হলে ৬-৭ বছরের মধ্যে আমাদের স্যাটেলাইট অন্যদের ভাড়া দিয়ে প্রকল্পের খরচ তুলে আনতে সক্ষম হব।”

প্রকল্পের কাজ তদারকিতে কোম্পানি গঠনের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, এ স্যাটেলাইট উৎক্ষেপণে এক হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ টাকা খরচ হবে। আগামী বছরের ১৬ ডিসেম্বর মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী গত ৯ মার্চ হাই কোর্টে করা রিট আবেদন সম্পর্কেও এসময় কথা বলেন প্রতিমন্ত্রী তারানা।

ওই আবেদনের শুনানি নিয়ে গত ১৪ মার্চ তৃতীয় পক্ষের মাধ্যমে নাগরিকদের আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা এক সপ্তাহের মধ্যে জানতে চেয়েছে হাই কোর্ট। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ঠিক রেখেছে আদালত।

ব্যক্তিগত গোপনীয়তা ও নিরপেক্ষতা লঙ্ঘিত হতে পারে- এই আশঙ্কা থেকে রিট করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী মুক্তাদির রহমান।

তারানা হালিম সাংবাদিকদের বলেন, “যিনি ওই রিটটি করেছেন তা অনুমান নির্ভর ও ধারণার ভিত্তিতে করেছেন। আমরা আদালতে প্রযুক্তির তথ্যনির্ভর ও প্রমাণনির্ভর সবকিছু উপস্থাপন করব। এতে রিটটি টিকবে বলে মনে করি না।”

এসময় তিনি বায়োমেট্রিক পদ্ধতিতে কোনোভাবেই আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে আবারও দাবি করেন।

গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না।

পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

গত বুধবার সচিবালয়ে মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সাথে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বিষয়ক এক বৈঠকে শেষেও আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছিলেন, “অপপ্রচার ও  গুজবের ভিত্তিতে কোন মামলা হলে তার মেরিট থাকে না। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চলছে এবং চলবে।”

সেদিন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেছিলেন, “ওই যন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণ করার কোনো প্রযুক্তি নেই। আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন করা হচ্ছে তা শুধু অনলাইনে যাচাই করা হচ্ছে, এনআইডি ডাটাবেজ থেকে কোনো তথ্য বের হয়ে যাওয়ার কোন উপায় নেই।”