২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রতিরোধের স্মারক ‘জাগ্রত চৌরঙ্গী’

এক হাতে রাইফেল, অন্য হাতে গ্রেনেড নিয়ে চান্দনা-চৌরাস্তায় দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধের স্মারক ‘জাগ্রত চৌরঙ্গী’।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 04:05 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

১৯৭১ সালের ১৯ মার্চ এখানেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে শহীদ হয়েছিলেন ভোগড়া নিবাসী ছবেদ উল্লাহর ছেলে হুরমত ওরফে হুরমত উল্লাহ।

পাক সেনারা বাঙালি সেনাদের অস্ত্র নিয়ে যাবে, এ খবর পেয়ে সেদিন জয়দেবপুর ক্যান্টনমেন্ট এলাকার আশপাশে জড়ো হয়েছিল হুরমতের মতো হাজার হাজার শ্রমিক-জনতা।

পাকবাহিনী জয়দেবপুর থেকে ঢাকায় ফেরার পথে সাধারণ জনতার তীব্র প্রতিরোধের মুখে পড়ে।

এখানেই গাজীপুরের ফুটবল খেলোয়াড় হুরমত উল্লাহ একজন পাকিস্তানি সৈন্যকে ঝাপটে ধরে রাইফেল ছিনিয়ে নিয়েছিলেন বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।

“হুরমত জানতেন না কীভাবে রাইফেল চালাতে হয়। এটি দেখতে পেয়ে একজন পাক সেনা হুরমতকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয়,” বলেন তিনি।

কেবল হুরমত নন, পাকবাহিনীর বিরুদ্ধে এদিনের প্রতিরোধে আরও শহীদ হয়েছিলেন নেয়ামত আলী ও মনু খলিফা।

সেদিনের কথা স্মরণ করে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাঙালি সৈনিকদের নিরস্ত্র করার জন্য ওই বছরের ১৫ মার্চের মধ্যে বেঙ্গল রেজিমেন্টের রাইফেল সদর দপ্তরে জমা দিতে ঢাকা ব্রিগেড সদর দপ্তর নির্দেশ দেয়।

“পাকিস্তানের ব্রিগেডিয়ার জাহানজেব দলবলসহ চলে আসেন জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ির দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যান্টনমেন্টে। খবর পেয়ে জয়দেবপুর এলাকা ও টঙ্গীর শ্রমিক-জনতা চান্দনা-চৌরাস্তা ও মেশিন টুলস ফ্যাক্টরি সড়কের বিভিন্ন স্থানে ইট, গাছের গুঁড়ি, ঠেলাগাড়ি দিয়ে প্রায় ৪০/৫০ টি ব্যারিকেড তৈরি করে।”

ওইদিন মুক্তিসংগ্রাম পরিষদের নেতৃত্বে লাঠি, রামদা, কার্তুজ/বন্দুক, হকিস্টিক, তীর ধনুক ও বল্লম নিয়ে জনগণ জয়দেবপুর বাজার বটতলায় জমায়েত হয়েছিল বলে জানান মুক্তিযোদ্ধা মোজাম্মেল।

পাকিস্তানি ব্রিগেডিয়ারকে জনতার প্রতিরোধের মুখে ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র না নিয়েই ঢাকায় ফিরতে হয়েছিল।

“জয়দেবপুর রেললাইনের উপর ব্যারিকেড দেখে তা সরাতে গেলে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মনু খলিফা ও নিয়ামত শহীদ হন এবং জয়দেবপুর বাজারের ডা. ইউসুফ ও সন্তোসসহ কয়েকজন আহত হন।”

পরে মাইকে কারফিউ জারি করে ঢাকায় রওনা হলে চান্দনা চৌরাস্তায় আবারও স্থানীয় ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পড়ে পাকিস্তানি বাহিনী।

এখানেই শহীদ হন ৩২ বছর বয়সী হুরমত আলী, রেখে যান ২৪ বছর বয়সী স্ত্রী জাহানারা বেগম, ৫ বছর বয়সী মেয়ে হালিমা খাতুন আর দুই বছরের সাইফুল ইসলামকে।

ঘটনাস্থলে আহত কানু মিয়া চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর মারা যান।

সেই স্মরণে নির্মিত হয় ‘জাগ্রত চৌরঙ্গী’।

ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-জয়দেবপুর এর সংযোগস্থলে ১০০ ফুটের এ ভাস্কর্যের চারদিক জুড়ে আছে মুক্তিযুদ্ধকালীন ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের শহীদ ২০৭ মুক্তিযোদ্ধার নাম।

তৎকালীন ঢাকার চারু ও কলা মহাবিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রাজ্জাকের নকশায় তিনি ও তার সহকারী হামিদউজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির প্রকৌশলীদের সহযোগিতায় ১৯৭২- ১৯৭৩ সালে এটি নির্মাণ করেন বলে গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমএ বারী জানিয়েছেন।

সেনাবাহিনীর সাবেক অ্যাডজুডেন্ট মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী নির্মাণ কাজের তত্ত্বাবধান করেন।