২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আ. লীগ মনোনয়ন প্রত্যাশীর বাড়িতে অগ্নিসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদরের ভাড়ারা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের এক মনোনয়ন প্রত্যাশীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 04:44 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

শুক্রবার সকালে স্থানীয় সুলতান মাহমুদ খানের বাড়িতে এ হামলা হয়।

ওই সময় আশপাশের কয়েকটি বাড়িতেও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসন্ন নির্বাচনে ভাড়ারা ইউনিয়ন পরিষদে সুলতান মাহমুদ খান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন।

“শুক্রবার বেলা ১১টার দিকে লস্কর শেখ ও বাবু শেখের বাড়িসহ ৫/৬টি বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত।”

পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় বলে জানান ওসি হাসান।

এ ব্যাপারে সুলতান মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান চেয়ারম্যান আবু সাঈদের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে নির্বাচন করার জন্যে অনুরোধ করলে আমি সম্মতি দিই। এরপর থেকে সাঈদের সন্ত্রাসী বাহিনী আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল।”

সকালে সাঈদের লোকজন ইউনিয়নের কয়েকটি গ্রামে অন্তত ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ, চারটি মোটরসাইকেল ভাংচুর করে এবং দুইটি দোকান লুট করে বলে দাবি করেন সুলতান।

সুলতান অভিযোগ করেন, সাঈদের ‘সন্ত্রাসী বাহিনীর’ ভয়ে পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে। পরে পুলিশ এলাকায় এলে লোকজন এলাকায় আসে।

এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদের মোবাইলে ফোন করলে লিটন মোল্লা নামের এক রিসিভ করেন।

লিটন বলেন, লস্কর উজ্জ্বল ও সুলতান মিলে চেয়ারম্যান সাহেবের ছোট ভাই রফিককে মারপিট করলে স্থানীয় লোকজন ওইসব বাড়িতে অগ্নিসংযোগ করে।

ওই সময় চেয়ারম্যান গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলেও দাবি লিটনের।