ছাত্রীর চুলের মুঠি ধরে কিলঘুষির অভিযোগ
যশোরের শার্শা উপজেলায় পড়া না পারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীর চুলের মুঠি ধরে কিলঘুষি ও এক ছাত্রকে বেঞ্চের ভাঙা পায়া দিয়ে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শার্শা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের নির্যাতনের প্রতিবাদে সোমবার বিদ্যালয়ের সব শিক্ষার্থী শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে যায়।
আহত শিক্ষার্থী শম্পা রানীর (১২) মা কনিকা বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, “আমার মেয়েকে প্রধান শিক্ষক চুলের মুঠি ধরে কিলঘুষি মারেন এবং ব্লাকবোর্ডে মাথা ঠুকে দেন। পরে তাকে শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়েছেন।”
আহত রাসেল হোসেনের (১২) বাবা মনিরুদ্দিন মনু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “ইংরেজি পড়া না পারায় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আমার ছেলেকে ভাঙ্গা চেয়ারের পায়া দিয়ে এলোপাতাড়ি প্রহার করেছেন। এতে তার বাম পায়ের হাড় চটে গেছে বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন।”
উন্নত চিকিৎসার জন্য রাসেলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে মনিরুদ্দিন জানান।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র মজুমদার বলেন, “ঘটনাটি শুনেছি। পড়া না পারায় রাসেল ও শম্পা রানীকে শিক্ষক সহিদুল ইসলাম যেভাবে মারধর করেছেন তা অমানবিক ও আইনবহির্ভূত।”
তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে ওই শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
