নাটোরে শিশু হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড
নাটোরে এক শিশু হত্যার নয় বছর পর একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
আসামির অনুপস্থিতিতে বুধবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায় বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সাহারুল ইসলাম (২৯) লালপুর উপজেলার রঘুনাথ গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি আব্দুল হাই বলেন, ২০০৭ সালের ৬ নভেম্বর লালপুর উপজেলার রঘুনাথ গ্রামের মুকরুম আলী সরদারের মেয়ে মোসাদ্দিকা খাতুন মুক্তি (৬) বাড়ির সামনে খেলা করছিল।
“এ সময় ওই গ্রামের সাহারুল ইসলাম শালুক তুলে দেওয়ার কথা বলে মুক্তিকে তার বাড়ি নিয়ে যায়। পরে তার কানের স্বর্ণের দুল কেড়ে নিয়ে তাকে গলাটিপে হত্যা করে।”
পিপি বলেন, ওইদিন বিকালে সাহারুলের ঘরের নিচ থেকে মুক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সাহারুল, তার বাবা ও মাকে আসামি করে একটি মামলা করেন মুক্তির বাবা।
২০০৮ সালের ৮ জানুয়ারি পুলিশ এই তিনজনের নামে অভিযোগপত্র দেয়। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।
সাহারুল জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তার বাবার মৃত্যু হয়েছে এবং মাকে খালাস দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
