২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 05:05 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

শনিবার ভোরের দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ী (আকন্দপাড়া) গ্রামে  এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।

নিহত মফিজল হক আকন্দ (৭৫) পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

ওসি বলেন, ঘরে জ্বালানো মশার কয়েলের আগুনে শুধু বিছানা পুড়ে গেলেও ঘরের কোনো মালামাল ক্ষতি হয়নি। এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মফিজল হকের ছেলে মনোহর আকন্দ বলেন, “সম্প্রতি বাবা প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পর হাঁটা চলা ও কথা বলতে পারতেন না। শনিবার সকালে বাবার ঘরের দরজা খুলে আমরা আগুনে পুড়ে যাওয়া বিছানার উপর অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখি।”

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।