২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবির শিক্ষার্থী ও কর্মচারী সড়ক দুর্ঘটনায় নিহত

দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একজন শিক্ষার্থী ও কর্মচারী নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের চেহেলগাজী নামক স্থানে ট্রাকের ধাক্কায় ছাত্রী রহিমা খাতুন রিমা নিহত এবং তার সহপাঠী সজীব আহত হন।

বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের সহ-চেয়ারম্যান মারুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিভাগের শিক্ষার্থী রিমা ও সজীব শহর থেকে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় রিমা ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া রিমার সহপাঠী সজীব গুরুতর আহত হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রিমা ও সজীব ওই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। রিমার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারীতে। সজীবের বাড়ি ঢাকায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে চাকায় পিষ্ট হয়ে বাসের সহকারী টিটু (৩৫) নিহত হয়েছেন। বাসটি পিকনিক থেকে ফিরছিল। পথে রাত ৮টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নির্মাণাধীন সড়কে গাড়ির ঝাঁকুনিতে টিটু নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান।