২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অবকাশ কেন্দ্রে ‘ডাকাতি’, হামলায় আহত ১৫

গাজীপুরে একটি অবকাশযাপন কেন্দ্রে ‘ডাকাতের’ হামলায় বিআরটিএ কর্মকর্তা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ১৫ জন অতিথি আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ভবানীপুরে ‘রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজে’একটি হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন বিআরটিএ উত্তরা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান (৫৫), গাজীপুরের ইন্সপেক্টর ওয়াজেদ হোসেন (৫২), জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল শিপু (৪৫), তার গাড়ি চালক নূরুল ইসলাম (৫০) এবং রির্সোটের স্টাফ ইসমাইল হোসেন (২২)।

এই পাঁচ জনসহ অন্তত ১৫ জনকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে পাঠনো হয় বলে জানান জয়দেবপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজমুল হক ভুইয়া।

স্থানীয়দের বরাত দিয়ে নাজমুল হক ভুইয়া জানান, গভীর রাতে ৪০/৫০ জন ডাকাত দেশি অস্ত্র নিয়ে রিসোর্টে থাকা অতিথিদের হাত-পা বেঁধে মারধর করেছে।

“তাদের ও পরিবারে সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোন সেট, ট্যাব, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করেছে বলে আমরা জানতে পেরেছি।” 

হামলায় আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল শিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পিকনিক হওয়ার কথা ছিল।

“এজন্য আমি একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রিসোর্টে উঠি।

“রাত ২টার দিকে ১০/১২ জন সশস্ত্র লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং আমাদের সবার হাত-পা-মুখ বেঁধে ফেলে।”

দুর্বৃত্তরা তাদের মারধর করে ২৫ হাজার টাকা, চারটি মোবাইল, একটি ট্যাব, একটি ঘড়ি ও স্বর্ণালঙ্কার লুট করে বলে জানান তিনি।

গাজীপুর বিআরটিএ-এর ইন্সপেক্টর ওয়াজেদ বলেন, “ডাকাতরা আমাদের সবাইকে হাত-পা-বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কার লুটে নেয়।”

পরে ডাকাতরা পালিয়ে গেলে রিসোর্টের লোকই পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

রিসোর্টের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, তাদের অফিসেও হামলাকারীরা ব্যাপক ভাংচুর চালিয়েছে। কয়েকজন কর্মচারীও আহত হয়েছেন।

রিসোর্টের সুনাম নষ্টের জন্য এ হামলা হয়েছে বলে দাবি তার। 

রিসোর্টে বৃহস্পতিবার রাতে মোট আটটি কটেজে অন্তত অর্ধশত অতিথি ছিলেন বলে ম্যানেজার জানিয়েছেন।   

তিন বছর আগে কার্যক্রম শুরু করেছে ‘রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজে’। ‘ইয়েস কো-অপারেটিভ’ নামের একটি সমবায় সমিতি এটি পরিচালনা করে।