যৌতুকের দাবিতে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গৃহবধূ মরিয়ম খাতুনের (২৫) লাশ রোববার দুপুরে হাড়োকান্দি গ্রাম থেকে পুলিশ উদ্ধার করে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান।
মরিয়ম ছিলেন হাড়োকান্দি গ্রামের মোহাম্মদ শান্তির স্ত্রী ও গড়গড়ি গ্রামের জান মোহাম্মদের মেয়ে।
মরিয়মের বাবা জান মোহাম্মদ পুলিশের কাছে অভিযোগ করেছেন, মরিয়মকে যৌতুকের দাবিতে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে তার শ্বশুর-শাশুড়ি।
“ছয় বছর আগে বিয়ের সময় যৌতুক হিসেবে মরিয়মের স্বামী শান্তিকে একটি করিমন গাড়ি কিনে দিই। তার পরও প্রায়ই যৌতুকের দাবিতে মরিয়মের উপর শারীরিক নির্যাতন চালানো হত। কয়েক দিন ধরে মরিয়মের শাশুড়ি আবারও ৫০ হাজার টাকা দাবি করছিলেন।”
এই টাকা না দেওয়ায় মরিয়মকে হত্যা করা হয়েছে বলে জান মোহাম্মদের অভিযোগ।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পক্ষ থেকে এটাকে হত্যা বলে দাবি করলেও আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই দম্পতির চার বছরের একটি ছেলে রয়েছে।
