২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি

গাজীপুর সিটি করপোরেশনে চাঁদাবাজির মামলা নিয়ে বিরোধের জেরে সরকারদলীয় দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 11:44 AM

Updated : 12 Apr 2022, 01:28 AM

ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান, শুক্রবার রাতে কামারজুরি উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনার পর পুলিশ সাতজনকে আটক করেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে গুলির খোসা।

সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সানাউর রহমান এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছেন।

মামুন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৬ নম্বর ওয়ার্ডের সাহেববাড়ি সড়কে মেরামতের সময় তার কয়েকজন সমর্থকের সঙ্গে সানাউর রহমানের ‘কথা কাটাকাটি’ হয়।

ওই ঘটনায় ২২ জনকে আসামি করে সানাউর রহমান থানায় মামলা করেন। তাদের মধ্যে ২১ জন বৃহস্পতিবার আদালতে হাজির হলে আদালত ১৮ জনকে জামিন দিলেও তিনজনকে কারাগারে পাঠায়।

মামুনের ভাষ্য, শুক্রবার স্থানীয় ভাড়ারিপাড়া এলাকার একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে রাতে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি যখন ফিরছিলেন, তখন সানাউর ও তার লোকজন দা, চাপাতি, হকিস্টিক, লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মামলা চালায়।

“তারা আমার লোকজনকে মারধর করে।  আমার মাইক্রোবাস, একটি জিপ ও পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে, দুটি মোটরসাইকেলে আগুন দেয়।”

এ ঘটনায় তার সমর্থক ওবায়দুর রহমান, লিটন, রুহুল, ফেরদৌস, বাবু, নবীন ও জসিমসহ কয়েকজন আহত হন। এদের মধ্যে ওবায়দুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মামুন।

সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর সানাউর নিজেও আহত হয়েছেন। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানাউর অভিযোগ করেন, মামুনের লোকজন সড়ক উন্নয়নের কাজে বাধা দিয়ে ‘চাঁদা দাবি করায়’ তিনি মামলা করেছিলেন।

“এর জের ধরে মামুনের উপস্থিতিতে তার লোকজন ও মামলার আসামিরা রাতে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে আমার লোকজনের ওপর হামলা করে।”

‘হামলাকারীরা’ ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং তার মাইক্রোবাস ভাংচুর করে বলেও সানাউরের অভিযোগ।

সানাউরের নাতি মোর্শেদ আলম ও গাড়িচালক বকুলও এ ঘটনায় আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ জানান, দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সাতজনকে আটক করেছেন তারা। তবে তিনি কারও নাম বলেননি।