ফেইসবুকে ছবি দেখে প্রতিবন্ধী ছেলের সন্ধান
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজের পাঁচদিন পর ফেইসবুকে ছবি দেখে ব্রাহ্মণবাড়িয়ায় হারানো ছেলের সন্ধান পেয়েছেন এক দম্পত্তি।
শুক্রবার সকালে লিমন মিয়াকে (১৪) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় লিমন। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
ওসি বলেন, গত সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের কান্দাপাড়া এলাকার কৃষক ছিদ্দিক মিয়া তার বাড়ির সামনে লিমনকে দেখতে পেয়ে বিষয়টি পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লাকে জানান।
“এছাড়া ওইদিনই ছিদ্দিক মিয়ার প্রতিবেশী ফারুকুল ইসলাম বুলবুল নামে এক ব্যক্তি লিমনের ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন।
এদিকে মেয়র স্থানীয় সমাজ সেবা অধিদপ্তরে জানালে তারা এলাকায় মাইকিং শুরু করে বলে জানান ওসি।
ওসি বলেন, ফেইসবুকে ছবি দেখে বৃহস্পতিবার রাতে লিমনের এক আত্মীয় ফারুকুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করেন। পরে শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে লিমনকে তার বাবা-মার হাতে তুলে দেওয়া হয়।
ওসি অংশু আরও বলেন, “এটি কোনো অপহরণের ঘটনা নয়। প্রতিবন্ধী হওয়ায় ওই কিশোর পথ ভুল করে বাঞ্ছারামপুরে চলে এসেছিল।”
লিমনের বাবা সাংবাদিকদের বলেন, “লিমন মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। এক আত্মীয়ের কাছে লিমনের খোঁজ পেয়ে বাঞ্ছারামপুরে আসি।”
