কলেজছাত্র উদ্ধারে ‘অপহরণকারী-পুলিশ গোলাগুলি’
ঝিনাইদহে আটদিন আগে অপহৃত এক কলেজ ছাত্রকে শৈলকুপায় উদ্ধারের পর ফেরার পথে অপহরণকারীদের সঙ্গে গোলাগুলি হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শহীদনগর গ্রামে ওই ঘটনায় একজন অপহরণকারী ‘গুলিবিদ্ধ’ হয়েছে বলে শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানিয়েছেন।
উদ্ধার করা হয়েছে অপহৃত কলেজছাত্র আরিফুল ইসলামকে।
মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে আরিফুল মহশেপুর সরকারি ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ওসি মহিবুল জানান, লেবুতলা গ্রামের শামিম হোসেন নামের এক ব্যক্তি গত ১০ ফেব্রুয়ারি বেড়ানোর কথা বলে আরিফুলকে শৈলকুপায় নিয়ে আসে। সেখানে সে ১৫ হাজার টাকার বিনিময়ে আরিফুলকে একটি চক্রের হাতে তুলে দেয়।
আরিফুলের বরাত দিয়ে তিনি বলেন, “পরে ওই চক্রটি আরিফুলের মাকে ফোন করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার মা ৫০ হাজার দিতে পারবে বলে অপহরণকারীদের শহীদনগর গ্রামে আসতে বলেন।
“খবর পেয়ে পুলিশ ছদ্মবেশে ঘটনাস্থলে অবস্থান নেয়। চক্রটির কয়েকজন সদস্য টাকা নিতে এসে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ আরিফুলকে উদ্ধার ও আশরাফুলকে আটক করে।
দুজনকে নিয়ে থানায় ফেরার পথে হরিহরা গ্রামের একটি ইটভাটার কাছে অন্য দুর্বৃত্তরা একজোট হয়ে আশরাফুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানান ওসি মহিবুল।
“তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় আশরাফুলের পায়ে গুলি লাগে। আহত হন আবু বকর ও মাহিয়া আলম নামে দুই কনস্টেবল।”
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মহিবুল।
গুলিবিদ্ধ আশরাফুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
